সিলেটটুডে ডেস্ক | ১৮ জানুয়ারী, ২০১৬
অর্পিত সম্পত্তির ‘খ’তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারদের আবেদনের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের আইন অধিশাখা-৪ থেকে এ-সংক্রান্ত দুটি পরিপত্র জারি করা হয়। তবে এগুলোর প্রকাশের তারিখ হিসেবে ৭ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, অর্পিত সম্পত্তির ‘খ’তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারদের আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০১৫ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত করা হয়েছে।
‘খ’তফসিলভুক্ত ভূমির দাবিদাররা উপযুক্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ওই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
জারি করা পরিপত্র দুটি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এই নাম পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি’ করা হয়।
দুটি ‘ক্যাটাগরিতে’অর্পিত সম্পত্তির তালিকা করা হয়। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেয়া হয়েছে। আর ‘খ’তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই।
সরকারি হিসাবে দেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ৬ লাখ ৬০ হাজার একর।