সিলেটটুডে ডেস্ক | ১২ জানুয়ারী, ২০২৪
ছবি : সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী ফুল শ্রদ্ধা জানান।
আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। এ দিন সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, পরে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ। ফল ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় ২২২টি আসন, জাতীয় পার্টি ১১, জাসদ ১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১, বাংলাদেশ কল্যাণ পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসন।