Sylhet Today 24 PRINT

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুনরায় শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হলেন ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ। ফল ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় ২২২টি আসন, জাতীয় পার্টি ১১, জাসদ ১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১, বাংলাদেশ কল্যাণ পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.