Sylhet Today 24 PRINT

কাজী ফিরোজ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৪

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার জাপা যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদকে কো-চেয়ারম্যান ও সুনীল শুভরায়কে প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন, যা এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির জরুরি বিজ্ঞপ্তি

দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর আহ্বান ছাড়া অন্য কারো আহ্বানে দল সংশ্লিষ্ট ঢাকায় কোনো সভা, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করতে কেন্দ্রীয়, জেলা, মহানগর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার দলের পক্ষ থেকে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির সব স্তরের নেতাকে কোনো কুচক্রী মহলের অবৈধ ও অসাংগঠনিক প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.