Sylhet Today 24 PRINT

কারিকুলাম ও মূল্যায়নে প্রয়োজনে পরিবর্তন: শিক্ষামন্ত্রী নওফেল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

প্রয়োজনে নতুন কারিকুলাম ও মূল্যায়নে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে পরিবর্তন অবশ্যই আসবে।’

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলাম হঠাৎ করে আসেনি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। এই আলোচনা সমালোচনাগুলোকে মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে।’

তিনি আরও বলেন, ‘মূল্যায়ন নিয়ে একটা আলোচনা আছে। সেই মূল্যায়ন যাতে কোনো প্রতিবন্ধকতায় পরিণত না হয়, সেটাকে আমরা বিবেচনায় রেখে এগিয়ে যাব।’

মহিবুল হাসান বলেন, ‘শিক্ষায় একটা ধারাবাহিকতা থাকে। এখানে নতুন করে কিছু করার অবকাশ নেই। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের এবারের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কর্মসংস্থান। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন। কর্মসংস্থানের জন্য মাল্টিস্কিল স্মার্ট সিটিজেন আমাদের প্রয়োজন। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় জোরদার করা প্রয়োজন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.