সিলেটটুডে ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০২৪
সুন্নাতে খৎনা করাতে গিয়ে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু আয়ান। সম্প্রতি ঘটনাটি সারাদেশে আলোড়ন তুললে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। এ হাসপাতালের কোনো নিবন্ধন নেই বলেও জানা যায়। সবশেষ নিবন্ধন না থাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিলো স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
উল্লেখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ বছরের শিশু আয়ানের মৃত্যুতে তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) নেতৃত্বে ১০ জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। এরপর অত্র দপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনকালে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড সিটি, সাতারকুল, বাড্ডা, ঢাকা নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিকট নিবন্ধন বা লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করে নাই। প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনি নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থি।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন বা লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, সুন্নাতে খৎনা করাতে গত ৩১ ডিসেম্বর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানকে ভর্তি করায় পরিবার। সেখানে তাকে অস্ত্রোপচার পূর্ববর্তী এনেসথেসিয়া দেওয়ার পর টানা তিনদিন জ্ঞান ফেরেনি শিশুটির। পরে তাকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মারা যায় শিশুটি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান গণমাধ্যমে বেশ ফলাও করে রিপোর্ট প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত নেয়।