Sylhet Today 24 PRINT

২১ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২৪

ফাইল ছবি

আগামী ২১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান। তিনি বলেন, ২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, এবারের মেলায় ১৫ থেকে ১৮টি দেশ অংশ নেবে। মেলায় স্টল সংখ্যা ৩০০। ইতোমধ্যে মেলা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইপিবি সূত্রে জানা গেছে, স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে। আর ইজারাসংক্রান্ত অন্য সব প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে এতে।

গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আসন্ন মেলায় তা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে ন্যূনতম তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টল চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে।

প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হয়েছে শেরেবাংলা নগরে।

কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে।

সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয় এবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.