Sylhet Today 24 PRINT

পাটুরিয়ায় ফেরি ডুবি: ১০ জনকে জীবিত উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

দৌলতদিয়া রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় ১০ জন উদ্ধার করা হয়েছে। এরমধ্যে চারজন সাঁতরে কূলে আসেন; আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ফেরির চালকের সহকারী নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফেরি রজনীগন্ধা বুধবার (১৭ জানুয়ারি) রাত ১টায় দৌলতদিয়া ঘাট প্রান্ত থেকে পাটুরিয়ায় উদ্দেশে রওনা হয়। এরপর ঘন কুয়াশার জন্য পাটুরিয়ার ঘাটের আগে নোঙর করে রাখা হয় ফেরি রজনীগন্ধা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র দেশ গণমাধ্যমকে বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি রজনীগন্ধা মোট ৯টি ট্রাক নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়ায় ডুবে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা ফেরিতে ছোট বড় নয়টি পণ্যবাহী ট্রাক ছিল। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে আসতেই রজনীগন্ধা ফেরির বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পণ্যবাহী ট্রাকসহ ফেরিটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিটিসির সদস্যরা উদ্ধার কাজ করছে।

আরিচা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোহাম্মদ রতন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফেরিতে কাজ শুরু করেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.