Sylhet Today 24 PRINT

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের ইংগিত: বিকেলে ফেডারেশনের সভা

নিউজ ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৬

চলমান আন্দোলন কর্মসূচী বিষয়ে সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আজ বিকেল পাঁচটায় এ সভা হবে। সভা থেকে শিক্ষকদের আন্দোলন স্থগিত করার বিষয়ে ঘোষণা আসতে পারে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বৈঠকে সিদ্ধান্ত নিলেন শিক্ষক নেতৃবৃন্দ।

ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল গনমাধ্যমে বলেন, আজ বিকেল পাঁচটায় সভা করে তারা তাঁদের অবস্থান জানাবেন।

লাগাতার কর্মবিরতির অষ্টম দিন গতকাল সোমবার বিকেলে গণভবনে আন্দোলনরত শিক্ষকনেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গতকাল বিকেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষকনেতাদেরও গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দেন। সেখানেই একপর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষকনেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও অর্থসচিব মাহবুব আহমেদও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন, তার সোপান তৈরি করা হবে। অন্য দাবিগুলো পর্যালোচনা করে পূরণ করা হবে। শিক্ষকনেতারা জানিয়েছেন, নিজেদের ফোরামে আলোচনা করে শিগগির তাঁরা ক্লাসে ফিরে যাবেন।

নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এক দিন আগে গত রোববার শিক্ষাসচিবের কাছে লিখিত প্রস্তাবও দেন শিক্ষকেরা। এতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের মধ্য থেকে ৫ শতাংশকে ডিস্টিঙ্গুইশড (বিশিষ্ট বা সম্মানিত) অধ্যাপক করার প্রস্তাব দেন শিক্ষকেরা। এই পদের মূল বেতন হবে জ্যেষ্ঠ সচিবের সমান। একই সঙ্গে আগের মতো মোট অধ্যাপকের মধ্য থেকে ২৫ শতাংশকে গ্রেড-১ করাসহ কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছেন তাঁরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.