Sylhet Today 24 PRINT

উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে করবে না আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলটির কার্যনির্বাহী সংসদের সোমবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই সাধারণত বহাল থাকে।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য তৈরি হয়েছিল তার রেশ এখনও রয়ে গেছে। কিছু কিছু জায়গায় সৃষ্ট মনোমালিন্য দূর করতে আমাদের দলের আটটি বিভাগীয় কমিটিকে বলা হয়েছে। কমিটিকে সংশ্লিষ্ট সবাইকে ঢাকায় ডেকে এনে সমস্যাগুলো সমাধান করতে বলা হয়েছে।’

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দলটির কার্যনির্বাহী সংসদের সভায় বিশ্ব এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.