Sylhet Today 24 PRINT

জিএম কাদের সংসদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সংসদে বিরোধীদলীয় নেতা এবং দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বিরোধীদলীয় উপনেতা হয়েছেন।

রোববার জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা-১ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন,২০২১” মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল হক মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি সংসদীয় আসনে জয় পায় জাতীয় পার্টি। আর স্বতন্ত্র সংসদ সদস্য হন ৬২ জন। যদিও দল হিসেবে জাতীয় পার্টিই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পায়। কিন্তু স্বল্পসংখ্যক আসন পাওয়ায় জাতীয় পার্টির বদলে স্বতন্ত্রদের জোট করে বিরোধী দল হতে পারে বলে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলতে থাকে।

তবে শেষ পর্যন্ত স্বতন্ত্র সংসদ সদস্যরা কোনো জোট না করায় জাতীয় পার্টিই বিরোধী দল হিসেবে স্বীকৃতি পায়। সে ধারাবাহিকতায় দলটির দুই নেতা বিরোধী দলীয় নেতা ও উপনেতা হলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.