Sylhet Today 24 PRINT

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

এরআগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে।

এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন, জাতীয় পার্টি ১২ আসন এবং বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে আসনে জয়লাভ করে। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.