Sylhet Today 24 PRINT

বিশ্ব ইজতেমার নিরাপত্তায় ৬ হাজার পুলিশ: জিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে নিরাপত্তায় র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মাহাবুব আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এক সংবাদ সম্মেল‌ন তিনি এ কথা বলেন।

মাহাবুব আলম বলেন, আজ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে। পুরো ইজতেমার মাঠে ৬ হাজার পুলিশ সদস্য কাজ করবে। পাশাপাশি ইজতেমা এলাকায় ট্রাফিক জোরদার করা হয়েছে। এছাড়াও উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের গতিবিধি মনিটরিং করা হচ্ছে।

অপরদিকে র‍্যাবের একাধিক ইউনিট ইজতেমা ময়দানে কাজ করছে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আজ থেকে পুরো ইজতেমা এলাকাকে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বাদ ফজর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ পর্ব। পরবর্তী চারদিনের বিরতির পর ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়া‌রি মোনাজা‌তের মাধ‌্যমে শেষ হ‌বে ইজতেমার দ্বিতীয় পর্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.