সিলেটটুডে ডেস্ক | ০২ ফেব্রুয়ারী, ২০২৪
মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের এ ইজতেমায় অংশ নিচ্ছেন দেশ-বিদেশের মুসল্লিরা। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।
ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, আজ ফজরের পর উর্দুতে আমবয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। ইজতেমাস্থলের বয়ানমঞ্চ থেকে মূল বয়ান উর্দুতে হলেও বাংলাদেশের মাওলানা নুরুর রহমান তা বাংলায় তরজমা করেন। দুপুরে জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব।
দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
এদিকে, সফলভাবে ইজতেমা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গাজীপুরের প্রশাসন। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন র্যাব, পুলিশ, সাদাপোশাকের পুলিশ, বিজিবিসহ আনসার সদস্যরা। এর বাইরে পুরো ইজতেমা ময়দানকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
কেউ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় প্রায় ছয় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা সার্বক্ষণিক মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন।
ইজতেমা আয়োজকদের শীর্ষস্থানীয় মুরুব্বি খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমাদের কয়েক লাখ মুসল্লি ইজতেমায় এসেছেন। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়ক-মহাসড়ক, বাসাবাড়িতে অবস্থান করছেন। আখেরি মোনাজাতের দিন আরও বেশি লোকের সমাগম হবে বলে আশা করছি।’