সিলেটটুডে ডেস্ক | ০৬ ফেব্রুয়ারী, ২০২৪
মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশিসহ দুইজন নিহতের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবির।
সেসময় তাদের মধ্যে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক প্রতিবাদলিপি দেন মাইনুল কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বেলা ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। প্রতিবাদ জানানোর জন্যই আমরা তাকে ডেকেছিলাম।
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। গতকালও থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে রাখাইনের দুপক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১৪ জনের বাংলাদেশে আসার তথ্য জানায় বিজিবি।