Sylhet Today 24 PRINT

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে : বিজিবির ডিজি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, কোনোভাবেই নতুন করে আর কোনো রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেব না।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আমি মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল আমি নিজে কক্সবাজার পরিদর্শন যাবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, আমরা ধৈর্য্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীও ধৈর্য্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।

বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন এসেছে মিয়ানমার থেকে। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিল, তাদের মধ্যে ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পানি পথে ৬৫ জন রোহিঙ্গা নৌকায় করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। টেকনাফ বিজিবি তাদেরকে প্রতিহত করে পুশব্যাক করার প্রসেস চলমান রয়েছে। কোনোভাবেই রোহিঙ্গাদের ঢুকতে দেবো না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.