Sylhet Today 24 PRINT

পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বোয়িং বিক্রি নিয়ে পিটার হাসের আলোচনা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪

ছবি : পিআইডি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে বৈঠক করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনাবেচা নিয়ে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী বলেছেন, বাংলাদেশকে বোয়িং কেনার যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ বৈঠক নিয়ে আলোচনা হয়।

নতুন কোনো বোয়িং কেনার বিষয়ে আলোচনা হয়েছে কি না– জবাবে ফারুক খান বলেন, ‘এখানে তো কেনাবেচার জন্য বসিনি। আমরা বলেছি– আমরা নতুন এয়ারক্র্যাফট কিনব, তবে যেখান থেকে বাংলাদেশ সুবিধা বেশি পাবে, সেখান থেকে কিনব।’

বোয়িং নেওয়ার বিষয়ে আপনাদের অঙ্গীকার আছে কি না– তিনি বলেন, ‘কোনো বিষয়ে আমরা কারও সঙ্গে অঙ্গীকারাবদ্ধ না। বোয়িং কেনার প্রস্তাব তারা দিয়েছে, সেটার মূল্যায়ন করে আমরা দেখব।’

ফারুক খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের পর্যটন ও বেসামরিক বিমান খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এসব খাতে আমরা একসঙ্গে কাজ করেছি এবং আগামীতেও কাজ করব। এ বিষয়ে তিনি (রাষ্ট্রদূত) নিজের মতামত জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আগামীতে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কীভাবে সহায়তা করতে পারে– সেটা যাতে তারা জানায়, সেসব বলেছি। তারা অবশ্যই চায়– বাংলাদেশের বিমানের সঙ্গে বোয়িং বিমান যুক্ত হোক। আমরা বলেছি– আমরা এটির মূল্যায়ন করছি, যেটা ভালো হবে, সেটা আমরা নেব।’

বিমানমন্ত্রী আরও বলেন, ‘তাকে (রাষ্ট্রদূত) বলেছি– বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারত্ব রয়েছে, সেটা অতীতে হয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো আমাদের মতের মিল হয়নি, তারপরও আমরা বন্ধুত্বের স্বার্থে আলোচনা করেছি ও সমস্যার সমাধান করেছি।’

তিনি বলেন, ‘তাকে ধন্যবাদ জানিয়েছি। সম্প্রতি আমেরিকা আমাদের জানিয়েছি– তারা ফের আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে। আমরা আশাবাদ প্রকাশ করেছি– আগামীতে সব বিষয়ে, বিশেষ করে পর্যটন ও বেসামরিক বিমান নিয়ে আমরা কাজ করব। নিউইয়র্কে আমাদের যে স্লট রয়েছে, সেটা যাতে আমরা তাড়াতাড়ি পেতে পারি সে বিষয়ে আলোচনা করেছি।’

ফারুক খান বলেন, ‘নিউইয়র্কের সঙ্গে সরাসরি ফ্লাইটের বিষয়ে আমরা আলোচনা করেছি। তিনি (রাষ্ট্রদূত) বলেছেন– খুব তাড়াতাড়ি তাদের একটি টিম আসবে, সেই টিম এসে এটি ফাইনাল করবে।’

একটা টিম আসবে বলেছেন, সেটা কবে আসবে– তিনি বলেন, ‘এই মুহূর্তে বেসামরিক বিমানে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থার (আইকাও) একটি প্রতিনিধিদল আছে। এই টিম যাওয়ার পর আমরা একটি উপযুক্ত সময়ে আমেরিকার এফএ টিমকে আমন্ত্রণ জানাব। তখন তারা এসে ফাইনালটা দেখবে। এটা চলতি বছরের মধ্যেই হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.