Sylhet Today 24 PRINT

সরকারের অগ্রযাত্রায় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে ঋষি সুনাকের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাতে তিনি বাংলাদেশকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ এবং অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব জোরদারে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ঋষি সুনাক লিখেছেন, ‘আপনি একটি ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করায় এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশের আকর্ষণীয় উন্নয়ন লাভের প্রতিফলন ঘটায়-আমি আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব আরও জোরদার করতে এবং এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রতি আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অংশীদারত্ব দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বের শক্তিশালী বন্ধনের এক গভীর ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমি আশা করছি, অধিকার ও স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক জীবনে সমঝোতার পরিবেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘এই মূল্যবোধগুলো কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এগুলো প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিনিয়োগকে আকৃষ্ট করে।’

ঋষি সুনাক বলেন, ‘আমি অভিবাসনের বিষয়ে সহযোগিতাকে আমাদের দ্বিপক্ষীয় এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছি। আপনি যুক্তরাজ্যে থাকা অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত নেওয়ার জন্য সদয়ভাবে একটি টেকসই ও সুবিন্যস্ত পথকে সমর্থন করেছেন। আমাদের পারস্পরিক সহযোগিতার বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে এই ব্যবস্থা চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং বিকাশকে অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করার অপেক্ষায় আছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.