Sylhet Today 24 PRINT

জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন তিনি।

বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি সফরে যাচ্ছেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। এসময় তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন।

মিউ‌নি‌খ স‌ম্মেল‌নে যোগ দেয়ার পাশাপা‌শি সরকারপ্রধান বেশ কয়েকজন সরকারপ্রধানসহ অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হা‌সিনা।

এর আগে ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকার গঠনের পর এ‌টি হ‌বে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.