Sylhet Today 24 PRINT

নরসিংদীতে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

নরসিংদী শহরে বিস্কুটের লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। সোমবার শহরের গাবতলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে রাতে গ্রামবাসী অভিযুক্ত ধর্ষক ইমান আলীকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ধর্ষক ইমান আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নির্যাতনের শিকার শিশু ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার নবীয়াবাদ গ্রামে।

পুলিশ ও নির্যাতিত শিশুটির পরিবারের লোকজন জানায়, শিশুটির বাবা অটোরিকশা চালক। কয়েক বছর আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে গাবতলীয় উত্তরপাড়ার হাছেন আলীর ভাড়াবাড়িতে বসবাস করতো। গত সোমবার দুপুরে শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। ওই সময় বাড়ির মালিকের ছোট ভাই ইমান আলী তাকে বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাঁদতে কাঁদতে ওই শিশু তার মাকে জানায়। শিশুটির মা স্থানীয়দের জানালে তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। উত্তেজিত এলাকাবাসী রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ধর্ষক ইমান আলীকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ধর্ষক ইমান আলীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ইমান আলীর বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহমেদ বলেন, ইমান আলী পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তিনি জানান, নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.