Sylhet Today 24 PRINT

৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার: শফিকুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আগামী ৫ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর কর্মপরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বিদেশে গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জনে।

স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। রোহিঙ্গাদের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকির মধ্যে নেই। ২০২৩ সালে সৌদি আরবে ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪, ওমানে ১ লাখ ২৭ হাজার ৮৮৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮ হাজার ৪২২ জন, কাতারে ৫৬ হাজার ১৪৮ এবং কুয়েতে ৩৬ হাজার ৫৪৮ জন কর্মী পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় ১৭৬টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.