Sylhet Today 24 PRINT

বেইলি রোডে আগুন: আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২৪

ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২ জনের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

সাংবাদিকদের সামন্ত লাল সেন বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৩৩ জন এবং পাশের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন। জরুরি বিভাগ ও বার্ন ইনস্টিটিউট এখনো আহত ২২ জন ভর্তি আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা এখনো বেঁচে আছেন, তাদের যেন সুস্থ করে তুলতে পারি। তবে আহত ২২ জনের সবার অবস্থাই আশঙ্কাজনক। অনেকের শরীরের বাইরের অংশে পোড়া নেই, কিন্তু ভেতরে পুড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করার জন্য বলেছেন।’

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই ভবনটি সাত তলা। উপরের তলাগুলোতেও রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ওপরের দিকে ছড়িয়ে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়া ব্যক্তিদের মই দিয়ে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.