Sylhet Today 24 PRINT

এবার ৫ পুলিশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

কেন্দ্রীয় ব্যাংক ও ঢাকা সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে পেটানো নিয়ে সমালোচনায় থাকা পুলিশের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

রাজধানীর যাত্রাবাড়ী ও ‍মুগদা এই দুই থানার ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ এনে বুধবার ঢাকার আদালতে মামলা করেছেন এক নারী।

যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকার বাসিন্দা ওই নারীর জবানবন্দি ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম  নিলেও সঙ্গে সঙ্গে কোনো আদেশ দেননি।

অভিযোগের মুখে থাকা এই পুলিশ সদস্যের মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকরও রয়েছেন। ওই থানার এসআই মো. জসিম, এসআই জামাল, কনস্টেবল দেবাশীষের নাম রয়েছে আসামির তালিকায়।

মুগদা থানার এসআই আব্দুল কাদেরের নাম রয়েছে আসামির তালিকার এক নম্বরে।

আরজিতে বলা হয়েছে, এস আই কাদেরের মেয়ে এবং বাদীর ছোটভাই ইমরান হোসেন বিয়ে করেন। কিন্তু কাদের এই বিয়ে মেনে না নিয়ে ইমরানসহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এসব নিয়ে বিবাদের এক পর্যায়ে গত ৩ ডিসেম্বর বাদীকে যাত্রাবাড়ী থানায় এনে এসআই কাদেরসহ অন্য আসামিরা মারপিট ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.