Sylhet Today 24 PRINT

সংসদের শীতকালীন অধিবেশন শুরু, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

সরকার ও বিরোধী দলের সদস্যদের অংশগ্রহণে দশম জাতীয় সংসদের নবম (শীতকালীন) অধিবেশন শুরু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশন চলবে।

সংসদ পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এস কে সিনহা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারো সংবিধানের বিধান অনুযায়ী অধিবেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশনে ভাষণ দেন। ভাষণ শেষে আগামী আগামী রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।

রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে অধিবেশন জুড়ে সাধারণ আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা ৪৫ ঘণ্টা আলোচনা করবেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়- এই অধিবেশন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ স্পিকার বাড়াতে বা কমাতে পারেন। একইসঙ্গে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান এইচএমএরশাদ, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজুলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল।

এদিকে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মো. তাজুল ইসলাম, ফখরুল ইমাম ও ডা. দিপু মনি। পরে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরই বেজে ওঠে বিউগল। অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি স্পিকারের পাশে নির্ধারিত ডায়াসে এক ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে বক্তব্য দেন।

শোক প্রস্তাব
জাতীয় সংসদে নেয়া শোক প্রস্তাবে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন- বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর ইস্টার্ন আর্মির প্রধান, বাঙালির অকৃত্রিম বন্ধু লেফটেনেন্ট জেনারেল (অব.) জেএফআর জ্যাকব, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মিণী আসমা কিবরিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক, সংসদ সচিবালয়ের প্রাক্তন সচিব আবদুল আউয়াল, ভাষা সংগ্রামী ড. সৈয়দ ইউসুফ হাসান, ভাষা সৈনিক ও গীতিকার তোফাজ্জল হোসেন, ভাষা সৈনিক কল্যাণ চৌধুরী, একাত্তরের শব্দ সৈনিক রাশিদুল হোসেন, খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম। এছাড়াও ফ্রান্সে হামলায় নিহতদের স্মরণে এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াতকে ছাড়াই এই সংসদ যাত্রা শুরু করে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও বিগত অধিবেশনগুলোর মতো তাদের সবর উপস্থিতি ছিলো। আর বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনেও সরকার ও বিরোধী দলের সদস্যদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.