Sylhet Today 24 PRINT

আন্দোলন হলেও পে-স্কেল সংশোধনের সুযোগ নেই : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আন্দোলন হলেও পে-স্কেল সংশোধনের কোনো সুযোগ নেই। তবে আলোচনার ভিত্তিতে কোনো প্রস্তাবনা এলে তা সংযুক্ত হতে পারে।’

বুধবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অষ্টম বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পে স্কেলে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

তিনি আরো বলেন, ‘অধিকাংশ সময় এসব আন্দোলনের কোনো ভিত্তি থাকে না। তারা বেতন কাঠামো না বোঝার কারণেই এসব আন্দোলন হচ্ছে।’

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন।’

বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের কিছু দোষ ছিল। এটা ইতোমধ্যে সংশোধন হয়ে গেছে। সেজন্য তারা আন্দোলন থেকে সরে গেছে।’

চীনের নেতৃত্বে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার জন্য সম্প্রতি অর্থমন্ত্রী বেইজিং গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি এই প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে তিনি জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হতে গেলে আমাদের সংসদের সম্মতি লাগবে।

এছাড়া বাংলাদেশে চীনের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘তারা এখন আমাদের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য খুব বেশি আগ্রহী। তবে তাদের প্রকল্প দেয়ার আগে মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.