Sylhet Today 24 PRINT

শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য : স্পিকার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের মতো বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য লিঙ্গ সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা একটি অপরিহার্য পূর্বশর্ত।

বৃহস্পতিবার (৭ মার্চ) ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি আয়োজিত ‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে এলিসি প্রাসাদে বৃহস্পতিবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সারা বিশ্বের ২৫ জন নারী স্পিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেট সামিটের উদ্বোধন করেন। এ সময় ‘এডুকেশন ইন ইক্যুয়ালিটি, হেলথ অ্যান্ড ফাইট অ্যাগেইনস্ট ভায়োলেন্স টুওয়ার্ডস উইমেন’ বিষয়ে প্রথম এবং ‘জেন্ডার ইক্যুয়ালিটি, প‌্যারি অ্যান্ড এমপাওয়ারমেন্ট ইন পলিটিকস, ফিমেল রোল মডেল’ বিষয়ে দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের সংবিধান রাষ্ট্র ও গণজীবনের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমেও নারীরা সংসদ সদস্য হতে পারেন। রাজনৈতিক দলগুলোতে শতকরা ৩৩ ভাগ নারী থাকার স্থলে বর্তমানে আছে শতকরা ২২ থেকে ২৪ ভাগ। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সংখ্যায় নারীদের মনোনয়ন দিতে হবে।’

স্পিকার আরও বলেন, ‘নারীর ক্ষমতায়নে লিঙ্গ সংবেদনশীল বাজেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক ও লজিস্টিক সহায়তার পাশাপাশি মার্কেটে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। নারীদের আইসিটি সেক্টরে অভ্যস্ত করতে প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে নারী শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীর অনুপাতে সমতা রয়েছে। বর্তমানে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতেও নারীদের উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে নারী শিক্ষাকে অগ্রসর করতে বিভিন্ন ধরনের নীতি গ্রহণের পাশাপাশি বিনা মূল্যে বই ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে, যা বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখছে।’

এবারের স্পিকার্স সামিটে, ফ্রান্স, মেক্সিকো, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরিবাতি, স্পেন, বেলজিয়াম, ইউক্রেন, বাহামাস, মালাও, মোজাম্বিক, রুয়ান্ডা, তানজানিয়া, জার্মানিসহ সারা বিশ্বের ২৫ জন নারী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.