Sylhet Today 24 PRINT

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২৪

ফাইল ছবি

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৯ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, ‘২৩১টি স্থা্নীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে। বেশিরভাগই উপ-নির্বাচন। ময়মনসিংহে পূর্ণাঙ্গ, কুমিল্লা সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন। সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লায় উল্লেখযোগ্য দুয়েকটি ঘটনা ঘটেছে।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো অভিযোগ আমরা এখনও পাইনি যে প্রভাবে খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের বাইরে গুলাগুলি হয়েছে। তবে তাতে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ প্রভাবিত হয়নি।’

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘প্রত্যেক প্রার্থীই কম-বেশি শক্তি প্রয়োগ করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লায় বিকাল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর এ সময় বলেন, ‘বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ময়মনসিংহে ৪৯ শতাংশ ভোট পড়েছে। বিকাল চারটার পরও সেখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। সার্বিকভাবে আমরা বলতে পারি ভোট শান্তিপূর্ণ হয়েছে।’

বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তিনি বলেন, এসব পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। প্রত্যাশিত সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.