Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরে বহিষ্কৃতদের ১৭ জন পুলিশ হেফাজতে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৬

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে সিঙ্গাপুর থেকে বহিষ্কৃত ২৬ বাংলাদেশির মধ্যে ১৭ জন এখন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
বুধবার বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এদের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকারের আনা অভিযোগ পুলিশ এখন তদন্ত করে দেখছে।
 
বাকি নয়জনের ভাগ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা সম্ভব হয়নি।
 
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ-জামান বিবিসিকে বলেন, বহিষ্কৃতরা বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুরের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিলেন।
 
তিনি জানান, এদের আটক করার পর বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে সিঙ্গাপুর সরকার তাদের সঙ্গে যোগাযোগ করে। দেশে ফেরার পর এদের একাংশকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হয়।
 
এর আগে সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকায় তারা ২৬ জন বাংলাদেশিকে বহিষ্কার করে দেশে ফেরত পাঠিয়েছে।
 
দেশটির কর্মকর্তারা বলেন, তবে এই হামলার লক্ষ্য সিঙ্গাপুর ছিল না, অন্য কোন রাষ্ট্রে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
 
কিন্তু সেটি কোন দেশ সে সম্পর্কে সিঙ্গাপুর কর্তৃপক্ষ কোনও কথা বলছে না।
 
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কর্তৃপক্ষের নজর এড়িয়ে গোপনে তারা জিহাদি উপকরণ সরবরাহ করতো এবং সাপ্তাহিক বৈঠকে মুসলমানদের নিয়ে জিহাদ চালানোর ব্যাপারে কথা বলতো।
 
মন্ত্রণালয় আরও বলছে, দলের সদস্য সংখ্যা বাড়াতে তারা সচেতনভাবে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করতো। দলে অন্তর্ভুক্ত হওয়া অনেকেই মনে করতো ধর্মের জন্য তাদের সশস্ত্র জিহাদে অংশ নেওয়া উচিত। তাদের অনেকেই যুদ্ধে অংশ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করতো। তারা শিয়া মতাবলম্বী মুসলমানদের পথভ্রষ্ট আখ্যা দিয়ে তাদের হত্যাকারীদের সমর্থন করতো।
 
এছাড়া কিছু ইসলামী দল এবং তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ সরকারের ওপরও তাদের ঘৃণা ছিল বলে জানায় সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
তারা আরও বলছে, সদস্যদের দেশে ফিরে এসে সশস্ত্র জিহাদে অংশ নিতে উৎসাহিত করা হতো। বাংলাদেশে চরমপন্থি দলগুলোকে অর্থনৈতিক সাহায্যও পাঠাতো তারা।
 
সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কৃত বাংলাদেশিদের নভেম্বরের ১৬ থেকে ডিসেম্বরের ১ তারিখের মধ্যে আটক করা হয়। আটক ব্যক্তিরা আল কায়েদা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি অনুগত।
 
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক ২৭ জনের মধ্যে ২৬ জন একটি গোপন ইসলামী শিক্ষা সার্কেলের সদস্য ছিলেন। তারা আমেরিকান ইয়েমেনি ইসলামী নেতা আনওয়ার আল-আওলাকির মতাদর্শের অনুসারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.