নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারী, ২০১৬
সিলেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১.৫৫ টায় হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এর কয়েক মিনিট আগে হাজির হন অর্থমন্ত্রীসহ বারোজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ।
সফরের শুরুতেই শাহজালাল (র:) এবং হযরত শাহপরান (র:) 'র মাজার জিয়ারত করার কথা রয়েছে শেখ হাসিনার।
এরপর মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে শাহজালাল (র:) দরগাহ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, মিনা চৌধুরী, নাজমিন হোসেন, শামসুন নাহার মিনু প্রমুখ।
আজ সিলেটে এসে বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট এ.পি.বি.এন এর ব্যারাক ভবন, সিলেট জেলার ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, ৩০ শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল, এম.সি কলেজের মাঠের সীমানা প্রাচীর ও গেইট, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের উদ্বোধন।
এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন- সিলেট আউটার স্টেডিয়াম, খসরূপুর বাজার জিসি-পৈলানপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক উন্নয়ন (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার-আর এন্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটারী ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহ পরাণ থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ:) মাজার ৩ তলা ভিত্তি বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ এবং সিভিল সার্জন, সিলেট কার্যালয় ভবন নির্মাণ কাজ এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক বাস্তবায়নাধীন সিলেট ইলেকট্রনিক সিটির।