সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০১৬
পাকিস্তান কর্তৃক মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার দায় অস্বীকার, জঙ্গি মদদ ও বাংলাদেশি কূটনীতিক মৌসুমি রহমানকে বহিষ্কারের ধৃষ্টতার প্রতিবাদে বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের "পাকিস্তানি দূতাবাস ঘেরাও" কর্মসূচিতে পুলিশের বাধা দানের প্রেক্ষিতে প্রতিবাদী গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় শাহবাগ প্রজন্ম চত্বরে "প্রতিবাদী গণসমাবেশ" অনুষ্ঠিত হবে।
এক বিবৃতি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের হামলায় গণজাগরণ মঞ্চের বেশ কয়েকজন কর্মী আহত হন, চারজন কর্মী সমর্থককে আটক করে পুলিশ।
এর মাধ্যমে বাংলাদেশের আত্মমর্যাদা রক্ষার এই স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং ন্যক্কারজনক হামলা করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে নতজানু হওয়ার কু-দৃষ্টান্ত আবারও স্থাপন করলো প্রশাসন। যে পুলিশ বাহিনীর জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, তারা যেভাবে দেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানি দূতাবাসের নিরাপত্তা দেয়ার নামে সাধারণ মানুষকে নির্যাতন করেছে তা সত্যিই নিন্দনীয়।
ঘেরাও কর্মসূচির আগেই কর্মীদের গ্রেফতার এবং শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন পুলিশের ধাওয়া ও হামলার প্রেক্ষিতে ইমরান এইচ সরকার বলেন, "আপনারা একদিকে জঙ্গি দমনে জিরো টলারেন্স এর কথা বলবেন, অন্যদিকে জঙ্গিবাদের আস্তানা রক্ষা করতে সাধারণ মানুষকে নির্যাতন করবেন, এভাবে জঙ্গিবাদ দমন সম্ভব নয়।"
দেশের মুক্তিকামী সকল নাগরিককে এই কর্মসূচীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।