Sylhet Today 24 PRINT

কথা রাখলেন না খলিলুর, মাংসের দাম বাড়ালেন কেজিতে ১০০

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৪

ছবি : সংগৃহীত

রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। কিন্তু ১০ রোজা শেষ হওয়ার আগেই মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন তিনি।

আগের দেওয়া কথা না রাখা প্রসঙ্গে খলিলুর রহমান জানিয়েছেন, ‘চাপে আছেন তিনি।’

বৃহস্পতিবার (২১ মার্চ) মাংসের দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন খলিলুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানান, ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাচ্ছে না। লোকসানে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়েছেন তিনি।

তিনি জানান, এখন থেকে ‘খলিল গোস্ত বিতানে’ প্রতি কেজি গরুর মাংস ৬৯৫ টাকায় পাওয়া যাবে।

লোকসানে পড়ার কারণ সম্পর্কে খলিলুর রহমান বলেন, ‘আগে কিছুটা কম দামে গরু কিনতে পারছিলাম। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছি না। আমার নিজের যেহেতু খামার নেই, তাই বাড়তি দামে গরুর কেনা হলে মাংসের দাম না বাড়িয়ে উপায় থাকে না। আমি ভেবেছিলাম, বর্ডার খুলে দেওয়া হবে (ভারত থেকে গরু আমদানি করা যাবে)। এতে কম দামে গরু পাওয়া যাবে। সেটা করা হলে আগের দামে মাংস বিক্রি করা সম্ভব হতো। নানামুখী চাপে আছি।’

এর আগে গত বছরের শেষ দিকে বাজারে যখন প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তখন কম দামে মাংস বিক্রি করে প্রথম আলোচনায় আসেন খলিলুর রহমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে এই ব্যবসায়ীকে ‘ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতি’ দিয়ে পুরস্কৃত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.