Sylhet Today 24 PRINT

ডেমরায় আগুনে পুড়েছে লন্ডন এক্সপ্রেসের ১২টি ভলভো বাস

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২৪

ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকার ধার্মিকপাড়ায় আগুন লেগে গ্যারেজে দাঁড়ানো লন্ডন এক্সপ্রেস পরিবহনের ১২টি ভলভো বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস কোম্পানির নিজস্ব গ্যারেজ। সেখানে বেশ কিছু বাস পার্কিং অবস্থায় ছিল। একটি বাসে আগুন লাগে। পরে পুরো গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। পরে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গ্যারেজে ১৪টি বাস ছিল। এর মধ্যে আগুনে ১২টি বাস পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস গণমাধ্যমকে বলেন, এটি দুর্ঘটনা, নাকি নাশকতা, সেটা তদন্তের পর বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.