Sylhet Today 24 PRINT

বন কর্মকর্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি ‘পাচারকারীদের ড্রাম্প ট্রাকের চাপায়’ বনবিট কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (৩ এপ্রিল) আগারগাঁওয়ের পর্যটন ভবনে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইউএসডিও) আয়োজিত ‘অ্যাড্রেসিং দ্যা চিলড্রেনস এনভায়রনমেন্টাল হেলথ উইথ এ পার্টিকুলার ফোকাস অন লেড পয়জনিং ইন বাংলাদেশ’ শীর্ষক একটি কর্মশালা হয়।

কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান অতিথি পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্ত্রণালয়ের প্রত্যাশা নৃশংস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’

জলবায়ু তহবিলের টাকায় কেনা একটি বাস চার বছর ধরে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণের গাছতলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। একটি দৈনিক প্রত্রিকার প্রকাশিত এ সংবাদ নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মাধ্যমে প্রকল্প বাছাই ও বরাদ্দ প্রদানে নতুন নীতিমালা করা হচ্ছে। ভবিষ্যতে নীতিমালা অনুসরণ করে প্রকল্প গ্রহণ করা হবে। এতে বিসিসিটির অতীতের ভুলভ্রান্তি পরিহার করা সম্ভব হবে।’

এর আগে কর্মশালায় সাবের হোসেন বলেন, সিসা বিষক্রিয়ার ঝুঁকি কমাতে এবং বাংলাদেশের শিশুদের স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও তার মন্ত্রণালয় সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.