Sylhet Today 24 PRINT

‘জমি ছাড়বে না চা শ্রমিকরা’

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর-বেগমখান বাগানের আওতাভুক্ত ৫৫৬ একর চা বাগানের জমিতে বিশেষ অর্থনেতিক অঞ্চল ঘোষণা করার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ‘জাতীয় মুক্তি কাউন্সিল’।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ‘উন্নয়নের কথা বলে হাসিনা সরকার লুটেরা দুর্নীতিবাজ পুঁজিপতিদের সেবা করছে।’

শত বছর ধরে চাষ করে আসা জমিকে চা শ্রমিকদের কাছে বন্দোবস্ত দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘চা শ্রমিকরা বংশপরম্পরায় চাষাবাদ করে আসা এ জমি ছাড়বে না।’

গণতান্ত্রিক যুব পরিষদের সভাপতি মাইকেল চাকমা জাতিগত শোষণ বন্ধ করার দাবি জানিয়ে বলেন, ‘সরকার ও সরকারদলীয় লোকজন সারাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠিত ভূমি দখল করছে। কৃষি জমি ধ্বংস করে, খাদ্য নিরাপত্তা বিপন্ন করে ইকোনমিক জোন করার সিদ্ধান্ত গণবিরোধী।’

সমাবেশে আরো বক্তব্য দেন- গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় নেতা মজিবর রহমান, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আবদুস সাত্তার।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.