Sylhet Today 24 PRINT

সয়াবিন তেলের দাম পুনঃনির্ধারণ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ থেকে চার টাকা বা‌ড়িয়ে ১৬৭ টাকা ও খোলা সয়াবিন ১৪৯ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৪৭ টাকা পুনঃনির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সয়াবিন তেলের এই দাম ঘোষণা করেন।

এ সময় ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৮১৮ টাকা এবং প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে খোলা সয়া‌বিনে‌র দাম লিটারে ২ টাকা ক‌মিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি ভোজ্যতেল আমদানির ওপর ৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ১৫ ভ্যাট অব্যাহতি দেওয়ার পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

এর পর গত ১৫ এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর ১৬ এপ্রিল থেকে আবারও ভোজ্য তেলের দাম বাড়িয়ে আগের দামে তেল বিক্রির উদ্যোগ নেয় মালিকরা।

পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা রুখে দেয়। এ নিয়ে দু‌দিন ধরে দফায় দফায় বৈঠক শেষে আজ নতুন দাম নির্ধারিত হলো।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন এ দরের কথা জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.