Sylhet Today 24 PRINT

আরব আমিরাত উপকূলে এমভি আবদুল্লাহ

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২৪

ছবি: সংগৃহীত

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করছে। জাহাজটি হরমুজ প্রণালি হয়ে রোববার আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, রোববার বিকেল চারটায় জাহাজটি আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।

কেএসআরএম গ্রুপ জানিয়েছে, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিক উড়োজাহাজে করে দেশে ফেরবেন। আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফেরবেন, এখন পর্যন্ত এমটাই কথা রয়েছে।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.