Sylhet Today 24 PRINT

ফেসবুক স্টোরিতে লালনের গান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৪

লালনের প্রতিকৃতি

লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগের পর শরীয়তপুরে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম সঞ্জয় রক্ষিত (৪০)। তিনি জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের ছেলে। সঞ্জয় পেশায় স্বর্ণকার।

রোববার সঞ্জয়কে আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল।

সঞ্জয়ের ফেসবুকের স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন 'সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান'। এই দুটি লাইন লালনের 'সব লোকে কয় লালন কি জাত সংসারে' গানের।

ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.