Sylhet Today 24 PRINT

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২৪

ফাইল ছবি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। আসন্ন এই হুমকির উল্লেখ করে বন্যা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সতর্কতা জারিসহ বেশকিছু সুপারিশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত এফএফডব্লিউসি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে।

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে।

নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজারসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর নদীর তীরে পানি উঠায় দ্রুতই প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোতে প্রাক-বর্ষার পানিপ্রবাহ অতিক্রম করতে পারে। বাসিন্দাদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে বাসিন্দারা বিডব্লিউডিবি বন্যা অ্যাপ এবং এফএফডব্লিউসি ওয়েবসাইটের মাধ্যমে www.fwc.gov.bd ও www.ffwc.gov.bd/flashflood রিয়েল-টাইম আপডেট এবং বন্যার পূর্বাভাস ব্যবহার করতে পারেন। এছাড়াও জরুরি প্রয়োজনে সমন্বয়ের জন্য হটলাইন ১০৯০ (টোল-ফ্রি) ও ০১৮৪১-০০২২৯৯ নম্বরে কল করতে পারেন।

বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি নির্দেশিকা অনুসরণের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.