Sylhet Today 24 PRINT

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ : ইসি

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২৪

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, একেক জায়গায় একেক রকম ভোট পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে আমাদের জানানো হয়েছে। প্রকৃত ভোটের হার আরও পরে পাব।

আজ বুধবার (৮ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠপর্যায় থেকে জানানো হয়েছে। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি৷ দুয়েকটি ঘটনা যেখানে ঘটেছে সেসব স্থানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। খাগড়াছড়ির লক্ষ্মীরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খল ঘটনায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দুয়েক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। ভোটকেন্দ্রে বাইরে কোনো ঘটনা ঘটলে তা আমাদের কাছে রিপোর্ট হয় না। অনেক জায়গায় সকালে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায়, চরাঞ্চলে ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দুপুর পর্যন্ত আমারা যে রকম প্রত্যাশা করেছি, ভোট তার চেয়ে কিছু কম পড়েছে।

তিনি বলেন, ‘দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোট বেশি পড়ে। ভোট শেষে প্রকৃত তথ্য জানানো হবে। আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমত কাজ করবে না৷ কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করছে। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.