Sylhet Today 24 PRINT

ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে : সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২৪

ফাইল ছবি

ভোট পড়ার হার কমের কারণ হিসেবে বৃষ্টি এবং ধান কাটার মৌসুমকে সামনে এনেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে হতে পারে। ভোটাররা ধান কাটতে থাকায় ভোটকেন্দ্রে আসেনি এটা জানতে পেরেছি। এ ছাড়া কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। ভোটার বেশি এলে বেশি ভালো হতো।

বুধবার (৮ মে) বিকালে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ১৩৯ উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি, নির্বাচনে ভালভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিছু সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি৷ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

সিইসি বলেন, প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট সতর্ক ছিল। তারা দায়িত্ব পালনে তৎপর ছিলেন। পেশাদারত্বের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন। সে কারণে পরিস্থিতি ভালো ছিল।

তিনি বলেন, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যানুযায়ী ৩৪টি সহিংস ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২৫ জন ও আটক হয়েছেন ৩৭ জন। ভোটকেন্দ্রে বাইরে এসব ঘটনা ঘটেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.