Sylhet Today 24 PRINT

‘প্রবাসী ভাইয়েরা, নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনবেন না’

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৬

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুরে আটক ২৭ বাংলাদেশির ২৬ জনকে ফেরত পাঠানোর মতো ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ও দেশের ভাবমূর্তির বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত করে প্রবাসীদের সামাজিক মাধ্যম ব্যবহারেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নিজের ফেসবুকে শনিবার (২৩ জানুয়ারি) রাতে এক স্ট্যাটাসে তিনি বলেন, “প্রবাসী ভাইয়েরা, নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনবেন না। সিংগাপুরের মতো ঘটনা যেন আর না ঘটে।”

গত বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ২৭ বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করে, যারা সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের মধ্যে ২৬ জনকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সিঙ্গাপুর সরকারের ভাষ্য, ওই বাংলাদেশিরা আল কায়েদা ও আইএস-এর মতো জঙ্গি সংগঠনের সশস্ত্র জিহাদের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কেউ কেউ সিঙ্গাপুরে বসে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের পরিকল্পনায় ছিলেন। জঙ্গিবাদে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তারা আর্থিক সহযোগিতাও করেছেন।


প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন,

প্রবাসী ভাইয়েরা, নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনবেন না। সিংগাপুরের মতো ঘটনা যেন আর না ঘটে। অনেক প্রবাসী ভাইদের দেখি তাদের ফেসবুক পেইজে যা খুশি তাই লিখে রেখেছেন, শেয়ার করছেন। এতে আমাদের দেশের তো ক্ষতি হবেই, তারও আগে হবে আপনার নিজের এবং আপনার পরিবারের। মনে রাখবেন আপনারা কেউই নজরদারির বাইরে না। একটা সুন্দর ভবিষ্যতের আশায় এত কষ্ট করে তৈরি করা জীবনটার এগিয়ে চলা মাঝ পথে থামিয়ে দেবেন না।

সিঙ্গাপুর সরকার ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পর গত ২১ ডিসেম্বর ঢাকার উত্তরার এক বাসা থেকে তাদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ১৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.