Sylhet Today 24 PRINT

আ.লীগ ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব দিলে খুশি হতেন নির্মলেন্দু গুণ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২৪

পত্রিকায় বঙ্গবন্ধুর কবি হিসেবে আখ্যা পেলেও আওয়ামী লীগ থেকে কোনো উপাধি না পাওয়ায় আক্ষেপ জানিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

তিনি বলেছেন, একটি সাহিত্য পত্রিকা আমাকে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব দিয়েছিল। আমি অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। আমার মনে হয়েছে যে খেতাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া উচিত ছিল, সেই কাজটি একটি পত্রিকা দায়িত্ব পালন করেছে।

শুক্রবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ আক্ষেপের কথা বলেন।

১৭ মে-র বাইরে শেখ হাসিনার জীবনে আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন রয়েছে বলে জানান নির্মলেন্দু গুণ। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আমেরিকা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রীকে কারাগারে প্রেরণ করেছিল। তখন আমি প্রায় কারাগারে ফুল নিয়ে যেতাম নেত্রীকে দেওয়ার জন্য। তিনি আমেরিকায় যাবেন কি, যাবেন না এ নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন। তখন আমি আমার প্রিয় বন্ধু ও নেত্রী হিসেবে একটি পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম আপনি যান। আপনি (প্রধানমন্ত্রী) যদি সামরিক শাসকদের উপেক্ষা করে আমেরিকায় যান, তাহলে দুটো কাজ হবে। এক হবে আপনি সামরিক বাহিনীর নির্দেশ অমান্য করেছেন, তাদের নির্দেশ অমান্য করার সাহস আপনার আছে, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনার সঙ্গে খালেদা জিয়াকে মেলানো সম্ভব নয়।

তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) এক ঢিলে দুটো পাখি শিকার করবেন। কিন্তু খালেদা জিয়া সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে কখনো বিদেশ যাওয়ার সাহস পাবেন না। তিনি গিয়েছিলেন আমেরিকায়। তার আসা বিলম্বিত করার জন্য সামরিক বাহিনী অনেক চেষ্টা করেছিল। ব্রিটিশ এয়ারওয়েজ তাকে টিকিট দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে অস্বীকার করে। তখন শেখ হাসিনা ইত্তেহাদ বিমানে করে ফিরে এসেছিলেন বীরের বেশে। বিমানবন্দরে লাখো লাখো মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছিল। এটাও তার প্রত্যাবর্তন দিবস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.