Sylhet Today 24 PRINT

আড়াইঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলেন মামুনুল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২৪

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন শনিবার বিকালে। প্রায় আড়াইঘণ্টা তিনি মিন্টোরোডের ডিবি কার্যালয়ে ছিলেন।

এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি ডিবির কার্যালয় থেকে বের হন।

শনিবার (১৮ মে) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক মিন্টোরোডের ডিবি কার্যালয়ে যান।

ডিবি কার্যলয় থেকে বের হয় মামুনুল হক বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আজ ডিবি কার্যালয়ে এসেছি।’

এরপর গণমাধ্যমকর্মীদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলাসংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেনি। মামলার আলামত হিসেবে জব্দ করা মোবাইল ফোনটি নিতে ডিবি কার্যালয়ে এসেছিলাম।’

মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কি-না সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি তার উত্তর না দিয়েই গাড়িতে উঠে যান।

গত ৩ মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। তিনি বের হয়ে কারা ফটকে, মোহাম্মদপুরে একাধিক পথসভায় ভাষণ দেন। গত কয়েকদিন ধরে তিনি তার বন্দিজীবন নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে তাকে সরকারের সমালোচনা করতেও দেখা যায়।

তবে ডিবি কার্যালয়ে মামুনুল হকের বিষয় নিয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.