Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২৪

মৌলভীবাজারে নিখোঁজের ১৯ ঘণ্টা পর পুকুর থেকে সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।


সুমাইয়া আক্তার শ্যামেরকোনা গ্রামের আব্দুল মালিকের মেয়ে। তার মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।


স্থানীয়দের বরাত দিয়ে ওসি নজরুল জানান, সুমাইয়া গত বৃহস্পতিবার বেলা ২টার দিক থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।


ওসি নজরুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমাইয়াকে কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।’

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.