Sylhet Today 24 PRINT

রেমালের তাণ্ডবে দেশের পৌনে ৩ কোটি গ্রাহক বিদ্যুৎহীন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট ক্ষতিতে দেশের পৌনে ৩ কোটি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালে পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর ২ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৯৩১ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে কেবল পল্লী বিদ্যুতেরই ২ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ জন গ্রাহক আছেন।

এতে বলা হয়েছে, বর্তমানে পল্লী বিদ্যুতের প্রায় ২ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এ ছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ৯১ কোটি ২০ লাখ টাকার বেশি বিদ্যুৎ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে যার মধ্যে ৬৫টি সমিতিতে গ্রাহক সংযোগ আংশিক বা সম্পূর্ণ বন্ধ আছে। এছাড়া ঘূর্ণিঝড় প্রবণ এলাকার ৩০টি সমিতিতে রেমালের আঘাতে পোল বিনষ্ট হয়েছে ২৭১৭টি, ট্রান্সফরমার বিনষ্ট ২৩৫৩টি, স্প্যান (তার ছেঁড়া) ৭১৭২৯টি, ইন্সুলেটর ভাঙা ২২৮৪৪টি, মিটার বিনষ্ট ৫৩৪২৩টি। সার্বিক ভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৯১ কোটি ২০ লাখ টাকা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্য হচ্ছে পোল বিনষ্ট২০টি, পোলে হেলে পড়া ১৩৫টি, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া ২৪.৩৪ কি:মি:, ১১ কেভি পোল ফিটিংস বিনষ্ট হওয়া ১৪২ সেট, ট্রান্সফরমার বিনষ্ট ১২টি, ১১ কেভি ইন্সুলেটর বিনষ্ট ১৩৪। সার্বিক ভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৫,৭৬,৭৫,৫০০ টাকা।

বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় চলমান থাকায় ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ সরেজমিনে পরিদর্শন পূর্বক নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের সাথে টেলিফোনে আলোচনা করে ক্ষয়-ক্ষতির একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।

এতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টাব্যাপী কন্ট্রোল রুমের মাধ্যমে তদারকি করা হচ্ছে। জেলা পর্যায় ও সমিতি ভিত্তিক কন্ট্রোল রুম রয়েছে। পরিবহন ঠিকাদারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকায় সকল ধরনের কর্মকর্তাগণের ছুটি বাতিল করে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.