Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব লিকু ও উপপ্রেস সচিব তুষারের নিয়োগ বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২৪

গাজী হাফিজুর রহমান লিকু ও হাসান জাহিদ তুষার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু ও উপপ্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (২৯ মে) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

দুজনেরই চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

নতুন সরকার গঠনের চলতি বছরের ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)- ২ পদে নিয়োগ পান গাজী হাফিজুর রহমান লিকু। একই দিন হাসান জাহিদ তুষারও উপপ্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের (হাফিজুর ও তুষার) ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

গাজী হাফিজুর রহমান লিকু ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২ নিয়োগ পান। ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন তিনি। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।

সাংবাদিক হাসান জাহিদ তুষার গত সরকারের সময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.