Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খান।

মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।

মো. নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা আদেশে বলা হয়েছে।

এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৯৫৮ সালে ২১ জানুয়ারি কুমিল্লায় জন্ম নেওয়া নাঈমুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর করেন। ১৯৮২ সালে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন তিনি।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আজকের কাগজে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবেও আজকের কাগজে কাজ করেন।

১৯৯২ সালে তিনি দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সালে ভোরের কাগজে থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন পরিচালনা করেন।

২০০৭ সালে নাঈমুল ইসলাম খানের সম্পাদনায় যাত্রা শুরু করে দৈনিক আমাদের সময়। সম্প্রচার মাধ্যমে আলোচক ও বিশ্লেষক নিয়মিত নাঈমুল ইসলাম খানের উপস্থিতি রয়েছে। বর্তমানে তিনি দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.