Sylhet Today 24 PRINT

বৈদেশিক কর্মসংস্থান নীতিমালার খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

আজ সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ  কথা জানান।

শফিউল আলম বলেন, ২০০৬ সালে সংক্ষিপ্ত আকারে এরকম একটি নীতি প্রণয়ন করা হয়েছিল। এ বিষয়ে আন্তর্জাতিক নতুন নতুন আইন হওয়ায় নতুন করে নীতিমালাটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তর্জাতিক ওইসব নতুন আইনের আলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন করে বড় পরিসরে নীতি প্রণয়ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করেছে। মন্ত্রিসভা এটি অনুমোদন দিয়েছে।

সচিব আরও জানান, এ নীতিমালায় ৬টি নীতিনির্ধারণী বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী কর্মীদের অভিবাসন, অভিবাসী শ্রমিকদের পারিবারিক সুরক্ষা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা ইত্যাদি।

এই নীতিমালার ফলে নিরাপদ শ্রম ও অভিবাসন সুরক্ষা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.