Sylhet Today 24 PRINT

সিলেটের বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা পরে নেয়া হবে: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২৪

সিলেটের যেসব অঞ্চলে বন্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, সেসব অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেয়া হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একথা জানিয়েছেন।

সচিবালয়ে বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

সিলেটের বন্যা পরিস্থিতিতে পরীক্ষা নেয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী নওফেল বলেন, ‘যে অঞ্চলগুলোতে বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেয়া হবে না। পরবর্তী সময়ে সেই পরীক্ষা নেয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে।’

তিনি বলেন, ‘যেসব কেন্দ্র ও অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস আছে, সেখানে বিভিন্ন নদীর পানি ঊর্ধ্বমুখী ও বিপৎসীমা অতিক্রম করছে। বিষয়টি আমরা ইতোমধ্যে জানতে পেরেছি।

‘আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেয়া সম্ভব হবে। আমরা চাই না পরীক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ুক এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।’

প্রসঙ্গত, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ হবে। এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.