Sylhet Today 24 PRINT

বেনজীর-পরিবারকে ১৫ দিন সময়

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা, তার দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২৪ জুন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার (৯ জুন) বিকেলে তাদের আইনজীবী দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময় দিয়েছে দুদক।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

ইতিমধ্যে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ নিয়োগ করা হয়েছে।

গত ২৮ মে বেনজীর ও তাঁর স্ত্রী–সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। ইতিমধ্যে বেনজীরের আবেদনের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন তলব করা হয়েছে।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.